স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ

স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ

শহিদ জয় :

যশোরে স্বামীর নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ফাতেমা খাতুন (২৪) নামে এক গৃহবধূ। বর্তমানে তিনি শিশুকন্যাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ন্যায়বিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) তিনি যশোর কোতোয়ালি মডেল থানায় স্বামী হাসান আলী ও তার ভাই নজরুলসহ সহযোগীদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন এবং হত্যার হুমকির অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়,বাঘারপাড়া উপজেলার দশপাখিয়া গ্রামের বাবুল তরফদারের মেয়ে ফাতেমা খাতুনের সঙ্গে যশোর সদর উপজেলার সতিঘাটা গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে হাসান আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী ও তার ভাই নজরুল ইসলাম তাকে মারধর ও নির্যাতন করে আসছিল বলে অভিযোগ করেন তিনি।

পরবর্তীতে নির্যাতনের ঘটনায় ফাতেমা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। তবে মামলা করার পর তার ওপর আরও চাপ ও হুমকি বাড়তে থাকে। অভিযোগে বলা হয়, মামলাটি তুলে নিতে অভিযুক্তরা বিভিন্ন সময় মোবাইল ফোনে হুমকি দিয়ে তার অবস্থান জানার চেষ্টা করছে।

ভুক্তভোগী জানান,যৌতুকের টাকা দিতে না পারায় তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন এবং তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। বর্তমানে তিনি যশোর সদরের বসুন্দিয়া এলাকায় এক পরিচিতের বাড়িতে শিশুকন্যাকে নিয়ে আতঙ্কে বসবাস করছেন। এমনকি তার ও সন্তানের ভরণপোষণও বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ফাতেমা খাতুন আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্তরা যে কোনো সময় তার ও তার সন্তানের ক্ষতি করতে পারে। এ অবস্থায় তিনি স্বামীর গ্রেপ্তারসহ নিজের ও সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকা এএসআই হোসনে আরা জানান, ফাতেমা নামে একজন নারী লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্তের জন্য এএসআই কামালকে দায়িত্ব দেওয়া হয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *