স্বচ্ছতা ও সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান মন্ত্রিপরিষদ সচিবের

স্বচ্ছতা ও সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান মন্ত্রিপরিষদ সচিবের

​চৌগাছা (যশোর) প্রতিবেদকঃ

দেশের বর্তমান প্রেক্ষাপটে দুর্নীতিমুক্ত ও উন্নয়নশীল রাষ্ট্র গঠনের লক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সোমবার (১৩ এপ্রিল) যশোরের চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বারোপ করেন।

​নাসিমুল গনি বলেন, স্বচ্ছতা ও সততার সমন্বয় ছাড়া একটি দায়িত্বশীল ও জবাবদিহিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব নয়। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিড়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে নৈতিকতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে অর্পিত বিশাল দায়িত্ব সাধ্যমতো পালনের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, অতীতে যেভাবে নিষ্ঠার সাথে কাজ করেছি, আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, জনপ্রতিনিধি হিসেবে তিনি দল-মত নির্বিশেষে সবার কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক করে দিয়ে তিনি স্পষ্ট জানান যে, তার দল কোনো ধরনের দুর্নীতি সহ্য করবে না এবং দুর্নীতির সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

​চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা প্রশাসক আসেক হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনার সমাপ্তিতে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

ছবি-সংগৃহীত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *