স্ফুলিঙ্গ ডেক্স :
খুলনা মহানগরীতে অপরাধ দমনে বড় সফলতা পেয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। নগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর তিন সক্রিয় সহযোগীকে গ্রেপ্তার করেছে খুলনা সদর থানা পুলিশ। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক মো. গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— খুলনা সদর এলাকার ৩ নম্বর কাশেম সড়কের বাসিন্দা মুরাদ শেখের ছেলে শেখ আসাদুজ্জামান মিথুন, সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকার লাল মোহাম্মদ হাওলাদারের ছেলে মো. টিপু হাওলাদার এবং খালিশপুরের পলিটেকনিক কলেজ রোড এলাকার মো. আব্দুল বারেকের ছেলে মো. এনামুল হক ইমন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই খুলনা সদর থানায় দায়ের হওয়া ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন তারা। এই চক্রটি দীর্ঘদিন ধরে খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশ আসামিদের অপরাধের বিস্তারিত তথ্য জানতে পেরেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে শেখ আসাদুজ্জামান মিথুনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, চুরি এবং প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে। মো. টিপু হাওলাদারের বিরুদ্ধে দুটি মাদক মামলা এবং মো. এনামুল হক ইমনের বিরুদ্ধে সামারী ট্রায়াল বা দ্রুত বিচার আইনি প্রক্রিয়ার রেকর্ড রয়েছে।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ নিয়ম মেনে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীতে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কেএমপি। ছবি সংগৃহীত।

