শার্শায় ১ কোটি ৩৬ লাখ টাকার খনন প্রকল্পের উদ্বোধন

শার্শায় ১ কোটি ৩৬ লাখ টাকার খনন প্রকল্পের উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি,মেহেদী হাসান জিত :

যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক ‘উলশী খাল’ পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১২টার দিকে শার্শার উলশীতে উপস্থিত হয়ে তিনি এই গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করেন।

প্রকল্প উদ্বোধনের পর আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “১৯৭৬ সালের ১লা নভেম্বর আমার পিতা (শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান) এই অঞ্চলের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে এই খালটি প্রথম খনন করেছিলেন। তখন এই খালের পানি কয়েকশ’ বিঘা অনাবাদি জমিকে ফসলি জমিতে রূপান্তর করেছিল। দীর্ঘ সময় পর আজ আবারও আমি সেই খালের পুনঃখনন কাজের উদ্বোধন করলাম। আশা করছি, এই এলাকার মানুষ পুনরায় এর সুফল ভোগ করবেন।”

যশোর জেলা প্রশাসনের আয়োজনে ও পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে এই প্রকল্পে প্রায় ৫ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। যার প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৬ লাখ টাকা। এই খনন কাজ শেষ হলে এলাকার কৃষি ও মৎস্য চাষে ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এছাড়াও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান ও মোস্তফা উদ্দিন ফরিদ, যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনসহ অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *