স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শা উপজেলায় মুদি দোকানের নগদ অর্থ চুরি এবং দোকান মালিকের ৬ বছর বয়সী শিশু কন্যার সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৩) আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ওই অভিযুক্তকে হেফাজতে নেয়। তবে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী অভিযুক্তের বয়স কম হওয়ায় তার পরিচয় গোপন রাখা হয়েছে।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে স্কুল ড্রেস পরিহিত ওই শিক্ষার্থী শার্শা উপজেলার ফুলসর মোড় এলাকার একটি মুদি দোকানে প্রবেশ করে। পরবর্তীতে দোকানমালিক ক্যাশ বাক্স ও দোকানে বিশৃঙ্খলা দেখে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন। ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ওই শিক্ষার্থী দোকানে ঢুকে ক্যাশ বাক্স থেকে অর্থ সরায় এবং একই সাথে সেখানে থাকা দোকানমালিকের ৬ বছরের ফুটফুটে শিশু কন্যার ওপর অনৈতিক ও আপত্তিকর আচরণ চালায়।
বিষয়টি দেখতে পেয়ে দোকানমালিক তাৎক্ষণিকভাবে আশেপাশের প্রতিবেশী ও স্থানীয়দের বিষয়টি অবহিত করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত ওই নাবালক শিক্ষার্থী পুনরায় ফুলসর মোড় এলাকায় ঘোরাঘুরি করতে এলে স্থানীয় বাসিন্দারা ফুটেজের চেহারার সাথে মিলিয়ে তাকে চিনে ফেলে এবং চারপাশ থেকে ঘেরাও করে আটক করে। এ সময় বিক্ষুব্ধ ও উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়।
খবর পেয়ে শার্শা থানা পুলিশের একটি টিম দ্রত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত পরিবেশ নিয়ন্ত্রণে আনে এবং আহত নাবালককে উদ্ধার করে নিজেদের আইনি হেফাজতে নেয়।
শার্শা থানা পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটির সুনির্দিষ্ট তদন্ত চলছে। যেহেতু অভিযুক্ত এবং ভুক্তভোগী উভয়েই শিশু ও নাবালক, তাই শিশু আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

