যশোরে শ্যালক-ভগ্নিপতিকে কুপিয়ে জখম ও হুমকি

যশোরে শ্যালক-ভগ্নিপতিকে কুপিয়ে জখম ও হুমকি

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামে চা পানের আড্ডায় বসে থাকা অবস্থায় দুই আত্মীয়র ওপর অতর্কিত হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। ভগ্নিপতি ও শ্যালককে পিটিয়ে জখম এবং মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামিদপুর গ্রামের আকবর হোসেন (৫৭) ও তার শ্যালক রাহেলের সাথে একই এলাকার বাবুল আহম্মেদ ও এনামুল আহম্মেদদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ৩ জুন রাত আনুমানিক ৮টার দিকে আকবর ও রাহেল বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে সময় কাটাচ্ছিলেন।

এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী অভিযুক্ত বাবুল আহম্মেদ (৪৩), এনামুল আহম্মেদ (৫৫), খুশি বেগম (৪৩) এবং তাদের একদল সহযোগী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় আকবর হোসেন ও তার শ্যালক রাহেল শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। বাদী আকবর হোসেনের দাবি, হামলাকারীরা কেবল তাদের মারধর করেই ক্ষান্ত হয়নি, বরং তার ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে এবং যাওয়ার সময় তাদের হত্যার হুমকি দিয়ে যায়।

চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় ভুক্তভোগী আকবর হোসেন থানায় লিখিত অভিযোগ দাখিল করলে গত ৫ জুন রাতে কোতোয়ালি থানা পুলিশ অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে। পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে এবং ঘটনাটির অধিকতর তদন্ত চলছে। ফাইল ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *