স্ফুলিঙ্গ রিপোর্ট :
বিভিন্ন বেসরকারি নামী চিকিৎসাকেন্দ্রের নাম ও চিকিৎসকের স্বাক্ষর জাল করে ভুয়া মেডিকেল পরীক্ষার রিপোর্ট তৈরি ও সরবরাহের অভিযোগে যশোর পুলিশ হাসপাতালের ল্যাব টেকনোলজিস্ট মো. রাকিবুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত এক পুলিশ সদস্য তাঁর স্ত্রীর চিকিৎসার জন্য রক্তের নমুনা এবং নির্ধারিত ৫০০ টাকা ল্যাব টেকনোলজিস্ট রাকিবুল ইসলামের কাছে প্রদান করেন। পরবর্তীতে রাকিবুল ‘কুইন্স হাসপাতাল’-এর প্যাডে একটি পরীক্ষার ফলাফল হাতে তুলে দেন। তবে রিপোর্টটি দেখে ওই পুলিশ কর্মকর্তার সন্দেহ হলে তিনি সরাসরি কুইন্স হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। সেখানে অনুসন্ধানে জানা যায়, রিপোর্টটি সম্পূর্ণ ভুয়া এবং হাসপাতালের নিজস্ব ডেটাবেজ বা সার্ভারে এর কোনো অস্তিত্ব নেই। কেবল তা-ই নয়, রিপোর্টে ব্যবহৃত প্যাড এবং সংশ্লিষ্ট চিকিৎসকের স্বাক্ষর দুটোই জাল করা হয়েছে।
পুলিশের তদন্তকারী দল জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাসে অভিযুক্ত রাকিবুল ইসলাম বেশ কিছুদিন ধরে বিভিন্ন নামীদামী বেসরকারি হাসপাতালের নাম ভাঙিয়ে জাল রিপোর্ট প্রস্তুত ও সরবরাহের কথা স্বীকার করেছেন। অভিযানের সময় তাঁর হেফাজত থেকে কুইন্স হাসপাতালের দুটি খালি প্রসেসড প্যাড এবং অন্য আরেকটি বেসরকারি হাসপাতালের নামে প্রস্তুতকৃত তিনটি ভুয়া রিপোর্ট জব্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, অভিযুক্ত ল্যাব টেকনোলজিস্ট দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে নির্দিষ্ট হাসপাতালে না পাঠিয়ে নিজেই জাল কাগজপত্র ও ভুয়া সিল ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এআই দিয়ে তৈরি প্রতীকি ছবি।

