মেধার লড়াইয়ে বিজয়ী তাসফিয়া ও আহনাফ

মেধার লড়াইয়ে বিজয়ী তাসফিয়া ও আহনাফ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সদরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ, যশোর সদরের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। একঝাঁক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে যেখানে শিশুরা তাদের তুলির আঁচড়ে পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতার বিষয়গুলো ফুটিয়ে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ ইউসুফ আলী এবং সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন। এছাড়া অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ও মেডিকেল অফিসার (এনসিডি কর্ণার) সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে মেধার উজ্জ্বল স্বাক্ষর রেখে মাধ্যমিক গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে তাসফিয়া তাহসিন। অন্যদিকে প্রাথমিক গ্রুপে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে প্রথম স্থান অর্জন করেছে আহনাফ আতিফ। একই পরিবারের দুই সন্তানের এমন অভাবনীয় সাফল্যে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ভূয়সী প্রশংসা করেন। বিশেষ এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে পুষ্টি বিষয়ক সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিযোগিতায় বিজয়ী এই দুই কৃতি শিক্ষার্থীর বাবা তাদের সাফল্যে অত্যন্ত আনন্দিত ও গর্ববোধ করছেন। বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *