বেনাপোল থানার মাদক মামলায় ঐতিহাসিক রায় : দুই মাদক ব্যবসায়ীকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের

বেনাপোল থানার মাদক মামলায় ঐতিহাসিক রায় : দুই মাদক ব্যবসায়ীকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরে ফেনসিডিল উদ্ধারের মামলায় দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর এক আসামিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন শার্শা উপজেলার পাঁচভুলট গ্রামের দক্ষিণপাড়ার আজিবার বদ্দির ছেলে সাজু বদ্দি, হযরত আলীর ছেলে আলামিন ও খোরশেদ আলমের ছেলে মেহেদী হাসান।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৯ ডিসেম্বর পাঁচভুলট বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রাজগঞ্জ গ্রামের অভয়বাসগামী কাঁচা সড়কে অবস্থান নেয়। গভীর রাতে তিনজনকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে ধাওয়া করলে মেহেদী হাসান ও সাজু বদ্দিকে আটক করা হয়। এ সময় আলামিন ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে আটক দুইজনের কাছে থাকা ব্যাগ ও ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাঁচভুলট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মোফাজ্জেল হোসেন বাদী হয়ে বেনাপোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে এসআই হারুন অর রশিদ ২০১৮ সালের ২০ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত সাজু বদ্দি ও আলামিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্ত তিন আসামিই বর্তমানে পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন। ফাইল ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *