স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের বেজপাড়া মেইন রোড এলাকায় সকিনা বেগম (৬০) নামে এক বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির সামনে থেকেই তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের সৃষ্টি হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে নিহত সকিনা বেগমের ছেলে শহিদুল দোকানে যাওয়ার সময় মায়ের খোঁজ করেন। তখন শহিদুলের স্ত্রী মরিয়ম জানান, তাঁর শাশুড়ি বাইরে তালিমে গিয়েছেন এবং বাসায় রান্না হয়নি বিধায় শহিদুলকে বাইরে খেয়ে নিতে বলেন।
রাত ১০টার দিকে শহিদুল বাসায় ফিরে মাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁর স্ত্রী আবারও জানান যে মা এখনো ফেরেননি। বিষয়টি সন্দেহজনক মনে হলে শহিদুল দ্রুত কোতোয়ালি থানায় গিয়ে পুলিশকে অবহিত করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে একটি বস্তা পড়ে থাকতে দেখে শহিদুল ও তাঁর বোন শাহিদা বেগম সেটি পরীক্ষা করেন এবং তাঁদের মায়ের মরদেহ শনাক্ত করেন।
খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত তা উদঘাটনে নিবিড় তদন্ত শুরু হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পারিবারিক কোনো কলহ বা অন্য কোনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ফাইল ছবি।


