স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর কোতোয়ালি,ডিবি ও চৌগাছা পুলিশ পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ও নগদ টাকাসহ তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) কোতোয়ালি থানা ডিবি,ও চৌগাছা এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, চৌগাছার পাশাপোল ইউনিয়নের বুড়িন্দিয়া গ্রামে অভিযান চালিয়ে মো. জুয়েল রহমান ওরফে জুইন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে। এ সময় তার কাছে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে মাদক বিক্রয়লব্ধ ৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের শয়নকক্ষের বক্স খাটের ভেতর থেকে আরও ৬০ বোতল অবৈধ কফ সিরাপ জব্দ করা হয়।
অপরদিকে, ডিবির এসআই বাবলা দাসের নেতৃত্বে আরেকটি টিম চৌগাছার সুখপুকুরিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে ফারুক মন্ডল (২৮) নামে এক যুবককে আটক করে। এসময় তার কাছ থেকে ৩৫ বোতল অবৈধ কফ সিরাপ উদ্ধার করা হয়। আটক ফারুক ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বেতবাড়িয়া গ্রামের শাহাজান মন্ডলের ছেলে।
এছাড়া,যশোর সদর উপজেলার আঁতলা রেলক্রসিং সংলগ্ন এলাকায় ডিবির অপর একটি দল অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন ওরফে মহি পাগলা (৫০)-কে আটক করে। তিনি শার্শা উপজেলার টেংরালী দক্ষিণপাড়ার মৃত কুদ্দুস সরদারের ছেলে। পালানোর সময় তাকে একটি পালসার মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল কফ সিরাপ জব্দ করা হয়।
পুলিশ জানায়,আটক আলমগীর হোসেন এলাকার একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ মোট ১৩টি মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছবি সংগৃহীত।

