স্ফুলিঙ্গ রিপোর্ট :
বিজিবির একটি গাড়ির ধাক্কায় রোমান (২৫) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোস্ট এলাকায় । নিহত রোমান বেনাপোল পোর্ট থানার বেনাপোল গ্রামের সুমন শেখের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোমান বাইসাইকেল চালিয়ে শার্শা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৌঁছালে ২১ ব্যাটালিয়ন বিজিবির ব্যবহৃত একটি চলন্ত গাড়ির সাথে তার ধাক্কা লাগে। এতে তিনি ছিটকে পড়ে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
আহত অবস্থায় স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা গেছে। তাদের অভিযোগ, দুর্ঘটনার পর রোমান গুরুতর আহত অবস্থায় চিৎকার করলেও তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছাতে দেরি করায় সময়মতো চিকিৎসা না পেয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি অনেকের।
ফাইল ছবি


