স্ফুলিঙ্গ রিপোর্ট :
প্রেসক্লাব যশোরের ঘোষিত আগামী ৩ আগস্টের বিশেষ সাধারণ সভা বয়কট করার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর। একই সাথে ক্লাবের দায়িত্বে থাকা ইউনিয়নের তিন সাংবাদিক নেতাকে চলমান গণআন্দোলনের প্রতি সংহতি জানিয়ে নিজ নিজ পদ থেকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বেলা সাড়ে ১১টায় সংগঠনের সভাপতি আকরামুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ জরুরি সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান জানান, প্রেসক্লাব যশোরের নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি যে উত্তপ্ত পরিস্থিতি ও আন্দোলন সৃষ্টি হয়েছে, তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সদ্য গঠিত ‘প্রেসক্লাব নির্বাচন বাস্তবায়ন কমিটি’র দাবিসমূহ ও রাজপথের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে সংগঠনটি।
নেতৃবৃন্দের অভিযোগ, বর্তমান কমিটির ক্ষমতার মেয়াদ অনৈতিকভাবে দীর্ঘায়িত করার এক গভীর নীলনকশার অংশ হিসেবেই এই আগামী ৩ আগস্টের বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়েছে। তাই নীতিগত জায়গা থেকে এই সভা বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় আরও স্পষ্ট করা হয় যে, সাংবাদিক ইউনিয়ন যশোরের কোনো সাধারণ কিংবা নির্বাহী সদস্য যদি সংগঠনের নির্দেশ অমান্য করে ওই বিশেষ সাধারণ সভায় অংশ নেন, তবে তাঁর বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
চলমান প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে আগামী ২৮ জুলাই (মঙ্গলবার) সাংবাদিক ইউনিয়ন যশোরের সকল সদস্যকে নিয়ে একটি বিশেষ জরুরি সাধারণ সভা আহ্বান করা হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইউনিয়নের সব সদস্যকে আগামী ২৮ জুলাইয়ের সভায় যথাসময়ে উপস্থিত থেকে রাজপথের ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন। ফাইল ছবি সংগৃহীত।

