স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের অন্যতম শীর্ষ ও ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন ‘বিদ্রোহী সাহিত্য পরিষদ’ (বিএসপি) এর ২৫৯তম মাসিক সাহিত্য সভা অত্যন্ত নান্দনিক ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ জুন, ২০২৬) বিকেলে যশোর শহরের পোস্ট অফিস পাড়াস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই বর্ণাঢ্য সাহিত্য আসরের আয়োজন করা হয়। বিএসপির নিয়মিত এই মাসিক সাহিত্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন ও সাহিত্য আলোচনা করেন যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। বিএসপির নির্বাহী কমিটির অন্যতম সম্মানিত সদস্য বিশিষ্ট কবি ভদ্রাবতী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মনজ্ঞ আসরে মূল আলোচক হিসেবে উপস্থিত থেকে সাহিত্যের নানা দিক নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন সহকারী অধ্যাপক কবি মো. মনিরুজ্জামান।
বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) দক্ষ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র চমৎকার ও প্রাণবন্ত সঞ্চালনায় এদিনের অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি এবং সমসাময়িক সাহিত্য ও সংস্কৃতির গতিপ্রকৃতি নিয়ে এক বিশেষ উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্যন্ত আকর্ষণীয় ও সাহিত্য রসসমৃদ্ধ এই কবিতা পাঠ ও সাধারণ আলোচনায় যশোরের স্থানীয় ও প্রথিতযশা কবি-সাহিত্যিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন এবং কবিতা পাঠ করেন বিএসপির সাবেক সফল সভাপতি এডিএম রতন, বিশিষ্ট আইনজীবী ও নারী নেত্রী অ্যাডভোকেট মাহমুদা বেগম, আহমেদ মাহাবুব ফারুক, এস. এম শরিফুল আলম এবং রেজাউল করিম রোমেলসহ স্থানীয় সাংস্কৃতিক আন্দোলনের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের আলোচনায় বলেন, সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার হচ্ছে সাহিত্য, আর বিদ্রোহী সাহিত্য পরিষদ দীর্ঘ ২৫৯টি আসর ধরে যশোরে নিয়মিত সাহিত্য চর্চার মাধ্যমে নতুন নতুন লেখক ও কবি সৃষ্টিতে অনন্য ভূমিকা পালন করে আসছে। বর্তমান ডিজিটাল যুগের ব্যস্ততার মাঝেও সংগঠনের নিজস্ব কার্যালয়ে প্রতি মাসে এমন চমৎকার ও নিখাদ সাহিত্যের আসর বসানো সত্যিই প্রশংসার দাবিদার। সভায় উপস্থিত তরুণ ও প্রবীণ কবিরা তাঁদের নিজেদের লেখা চমৎকার সব কবিতা আবৃত্তি করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন। যশোরের ঝিমিয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গনকে আরও বেশি গতিশীল ও উজ্জীবিত করতে বিদ্রোহী সাহিত্য পরিষদের পক্ষ থেকে আগামী দিনগুলোতেও এই ধরণের সাহিত্য আড্ডা ও বড় পরিসরে সাহিত্য উৎসবের আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। ছবি সংগৃহীত।


