পুশ-আপ, সিট-আপ আর রোপ ক্লাইমিংয়ের চ্যালেঞ্জ

পুশ-আপ, সিট-আপ আর রোপ ক্লাইমিংয়ের চ্যালেঞ্জ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর জেলা পুলিশ লাইন্স মাঠে অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর ৩য় তথা শেষ দিনের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল রোববার (২৮ জুন) সকাল ০৭.০০ ঘটিকা থেকে শুরু হওয়া এই নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের শারীরিক যোগ্যতা মূল্যায়নে অত্যন্ত নিখুঁতভাবে চারটি ভিন্ন ভিন্ন ইভেন্ট পরিচালনা করা হয়।

যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার ও অত্র নিয়োগ বোর্ডের সভাপতি জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম মহোদয়ের সরাসরি সভাপতিত্বে এই পরীক্ষা বোর্ড পরিচালিত হয়।

নিয়োগ বোর্ড সূত্রে জানা যায়, ক্যাডেট এএসআই পদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের প্রথম ইভেন্টটি শুরু হয় ‘পুশ-আপ’ (পুরুষ ও নারী) দিয়ে। এতে পুরুষ প্রার্থীদের জন্য ৪০ সেকেন্ডে ১৫ বার এবং নারী প্রার্থীদের জন্য ৩০ সেকেন্ডে ১০ বার পুশ-আপ দেওয়ার কঠোর নিয়ম নির্ধারণ করা হয়। এই ইভেন্টে সফলভাবে উত্তীর্ণদের নিয়ে শুরু হয় দ্বিতীয় ইভেন্ট ‘সিট-আপ’। সিট-আপের ক্ষেত্রেও পুরুষ প্রার্থীদের ৪০ সেকেন্ডে ১৫ বার এবং নারী প্রার্থীদের ৩০ সেকেন্ডে ১০ বার লক্ষ্যমাত্রা পূরণ করতে হয়।

তৃতীয় ইভেন্টটি ছিল ‘ড্রাগিং’, যেখানে শারীরিক শক্তির পরীক্ষায় পুরুষ প্রার্থীদের ১৬০ পাউন্ড ওজন নিয়ে ৩০ ফুট এবং নারী প্রার্থীদের ১২০ পাউন্ড ওজন নিয়ে ২০ মিটার দূরত্ব নির্দিষ্ট সময়ের মধ্যে সফলভাবে অতিক্রম করতে হয়। শারীরিক সক্ষমতা যাচাইয়ের চতুর্থ ও সর্বশেষ চূড়ান্ত ইভেন্ট ছিল ‘রোপ ক্লাইমিং’ বা দড়ি বেয়ে ওপরে ওঠা। এই ইভেন্টে পুরুষ প্রার্থীদের ১২ ফুট এবং নারী প্রার্থীদের ০৮ ফুট উচ্চতায় নির্দিষ্ট সময়ের মধ্যে রোপ ক্লাইমিং সম্পন্ন করতে হয়েছে। নিয়োগের নিয়ম অনুযায়ী, প্রার্থীরা প্রতিটি ইভেন্টে পৃথকভাবে কৃতকার্য (পাস) হওয়ার পরই কেবল পরবর্তী ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পান।

৩য় ও শেষ দিনের এই মাঠ পরীক্ষা শুরু হওয়ার আগেই উপস্থিত সকল চাকরিপ্রার্থীকে প্রতিটি ইভেন্টের সুনির্দিষ্ট নিয়ম-কানুন ও সময় সম্পর্কে স্পষ্ট ও বিস্তারিত ব্রিফিং প্রদান করা হয়। পরীক্ষা চলাকালীন প্রার্থীদের মানসিক চাপ কমাতে ও মনোবল বৃদ্ধি করতে নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি ও সদস্যগণ মাঠেই কয়েক দফায় দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন।

চারটি কঠিন ইভেন্ট শেষে পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম ৩য় দিনের পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে সমাপনী ব্রিফিং করেন। এ সময় তিনি শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদের আত্মতুষ্টিতে না ভুগে পরবর্তী ধাপ অর্থাৎ আগামী দিনের লিখিত পরীক্ষার জন্য এখন থেকেই কঠোর প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানান।

ক্যাডেট এএসআই পদের এই চূড়ান্ত শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বোর্ডে আরও উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ, ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স হতে প্রেরিত বিশেষ প্রতিনিধি দল এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত যশোর জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *