পিকআপ ভর্তি ৩৮৯ বোতল নিষিদ্ধ সিরাপসহ আটক ১

পিকআপ ভর্তি ৩৮৯ বোতল নিষিদ্ধ সিরাপসহ আটক ১

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় এক ঝটিকা চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় সীমান্তবর্তী অঞ্চল থেকে পাচার হয়ে আসা ৩৮৯ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং একটি পিকআপ ভ্যানসহ সৈয়দ মোস্তাকিন আল মামুন (৩৮) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (১৬ জুন) ভোররাতে এই সফল অভিযানটি চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত মাদক কারবারি সৈয়দ মোস্তাকিন আল মামুন যশোর জেলার মনিরামপুর উপজেলার পাঁচপোতা গ্রামের সৈয়দ মাফুয়ার রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে জেলার বিভিন্ন প্রান্তে সরবরাহ করছিলেন বলে অভিযোগ রয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সদর দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোররাতে কায়বা বিওপির (বর্ডার আউটপোস্ট) একটি চৌকস টহল দল সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় কায়বা সীমান্ত এলাকা দিয়ে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানকে দ্রুত গতিতে অভ্যন্তরীণ সড়কের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। পিকআপটি থামিয়ে তল্লাশি চালানো হলে ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ৩৮৯ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় মাদক সিরাপ উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দসহ চালকের আসনে থাকা মোস্তাকিনকে আটক করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান অভিযানের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, “সীমান্তবর্তী এলাকায় মাদকের অনুপ্রবেশ ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আমাদের গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করায় এই চালানটি ধরা সম্ভব হয়েছে। জব্দকৃত মাদক সিরাপ এবং পিকআপ ভ্যানসহ পুরো চালানের আনুমানিক সিজার (তদন্তকালীন) মূল্য ১৪ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।”

বিজিবি জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর জব্দকৃত মালামালসহ তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এই কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *