স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠ থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া হামিদ বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার রাতে উদ্ধারের পর আজ মঙ্গলবার (৯ জুন ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত হামিদ বিশ্বাস যশোর কোতোয়ালি মডেল থানার পাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দা মৃত আকবার বিশ্বাসের ছেলে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৯টার দিকে পাঁচবাড়িয়া স্কুল মাঠের এক কোণে হামিদ বিশ্বাসকে অচেতন ও সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় ভ্যানচালক শুকুর আলী। তাৎক্ষণিকভাবে তিনি আশপাশের লোকজনকে ডেকে তাঁর পরিবারকে খবর দেন। পরে স্বজন ও প্রতিবেশীদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগ প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার মধ্যরাতে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে ঠিক কী কারণে তিনি স্কুল মাঠে অচেতন হয়ে পড়েছিলেন এবং তাঁর মৃত্যুর সঠিক কারণ কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন ও পরবর্তী আইনগত কার্যক্রমের অংশ হিসেবে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।


