পদ্মা সেতু রেল প্রকল্পে বঞ্চনার প্রতিবাদ

পদ্মা সেতু রেল প্রকল্পে বঞ্চনার প্রতিবাদ

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

ঢাকা-যশোর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে যশোরবাসীকে বঞ্চিত করার প্রতিবাদে এবং নতুন আন্তঃনগর ও কমিউটার ট্রেন চালুর দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। আজ রবিবার সকাল সাড়ে ১১টায় যশোর রেলস্টেশনে এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন। এসময় তিনি বলেন, ২০১৬ সালে ৩৯ হাজার ২৪৬ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ঢাকা-যশোর পদ্মা সেতু রেল প্রকল্প গ্রহণ করে সরকার। প্রকল্পের নাম যশোর রাখা হলেও, বিগত সময়ে চক্রান্ত করে যশোর শহরকে ট্রেন সুবিধার বাইরে রাখার পরিকল্পনা করা হয়েছিলো। ফলে যশোরবাসীকে প্রায় ২০ কিলোমিটার দূরে সিঙ্গিয়া নামক স্টেশনে গিয়ে ট্রেন ধরার মতো বৈষম্যের শিকার হতে হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর তীব্র প্রতিবাদ ও আন্দোলনের মুখে যশোর একটি ট্রেন পেলেও তা কাঙ্ক্ষিত সময়ে দেওয়া হয়নি।

তিনি আরো বলেন, বিপুল টাকা ব্যয়ে নির্মিত এই রেলপথে দিনে মাত্র একটি ট্রেন দুইবার যাতায়াত করে, যা বিশাল বিনিয়োগের তুলনায় চরম অপচয়। এজন্য যশোর থেকে প্রতিদিন সকালে ঢাকা অভিমুখে একটি আন্তঃনগর ট্রেন, দর্শনা সীমান্ত-যশোর-ঢাকা রুটে আরও ২টি আন্তঃনগর ট্রেন এবং এই রুটে অবিলম্বে কমিউটার ট্রেনচালুর দাবিতে আন্দোলনে শুরু হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্দোলনের প্রেক্ষিতে রেল সচিব ও ডিজি গত মার্চের মধ্যে আরও একটি আন্তঃনগর ট্রেন দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। এমতাবস্থায় আগামী জুনের মধ্যে দাবি আদায় না হলে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে যশোর রেল স্টেশনে অবস্থান কর্মসূচির মাধ্যমে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বল হুঁশিয়ারি দেয়া হয়।

পাশাপাশি সংবাদ সম্মেলনে সকল আন্তঃনগর ট্রেনে সাধারণ যাত্রীদের জন্য সাধারণ বগি যুক্ত, দর্শনা-খুলনা রুট এবং বেনাপোল-যশোর রুটে ডাবল রেল লাইন চালু ও যশোরের সিঙ্গিয়া রেল স্টেশনে রেল কনটেইনার টার্মিনাল চালুর দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের আহবায়ক কাওসার আলীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *