জাকির হোসাইন (তুষার),মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :
মাগুরার মহম্মদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে আপন ছোট ভাইয়ের বসতবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মুহূর্তের মধ্যেই একটি পরিবারের বসতঘর, আসবাবপত্র, নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (৬ জুন) সন্ধ্যার সময় উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সিজয় মাহমুদ আকাশ (৩২) ওই গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিকীর ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিজয় মাহমুদ আকাশ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে তিনি প্রায়ই ঘরের বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে বিক্রি করতেন। সম্প্রতি তিনি পরিবারের অনুমতি ছাড়াই ঘরের কিছু আসবাবপত্র বিক্রি করে দিলে তার মা সিমা পারভীন ও ছোট ভাইয়ের স্ত্রী কাজল মহম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিষয়টি জানতে পেরে আকাশ ক্ষুব্ধ হয়ে ওঠেন। শনিবার বিকেলে তিনি ছোট ভাই বিজয় মাহমুদ চাঁদের স্ত্রীকে গালিগালাজ করেন এবং বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে বিকেল ৫টার দিকে বৃষ্টির মধ্যেই তিনি ছোট ভাইয়ের বসতঘরে আগুন ধরিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ রয়েছে।
আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে এর আগেই ঘরের আসবাবপত্র, নগদ টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় সবকিছু পুড়ে যায়। পরে খবর পেয়ে মহম্মদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর নিঃস্ব হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার। নেশার আগুনে সবকিছু হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন আকাশের ষাটোর্ধ্ব মা সিমা পারভীন ও তার ছোট ছেলের পরিবার।
আক্ষেপ প্রকাশ করে সিমা পারভীন বলেন, “ছেলে মাদকাসক্ত হয়ে আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। আজ সে নিজের ভাইয়ের সংসারটাও আগুনে পুড়িয়ে শেষ করে দিল।”
ভুক্তভোগী কাজল কান্নাজড়িত কণ্ঠে বলেন,”নেশার টাকার জন্য আকাশ আমার সংসার ও মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও পুড়িয়ে দিয়েছে। আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। আমি এই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
স্থানীয়দের দাবি, মাদকাসক্তির কারণে সংঘটিত এমন মর্মান্তিক ঘটনা সমাজে উদ্বেগজনক বার্তা দিচ্ছে। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ছবি সংগৃহীত।

