স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদরের হৈবতপুর ইউনিয়নে কৃষি ও পরিবেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ‘দৌলদীহি সিরিজ খাল’ খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (০২ মে ২০২৬) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খনন কাজের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভরাট হয়ে যাওয়া এই খালটি খননের ফলে স্থানীয় কৃষি ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “শ্রমিক ও কৃষকের উন্নয়নই এই সরকারের মূল লক্ষ্য। দৌলদীহি সিরিজ খালটি পুনঃখনন করা হলে অত্র এলাকার শত শত হেক্টর জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতা নিরসন হবে।” তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে এবং মানসম্মতভাবে খনন কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান,জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম কামাল সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। খালটি খননের উদ্যোগে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এলাকাবাসীর মতে, এই খালটি খনন হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং শুকনো মৌসুমে কৃষিকাজে পানির সংকট দূর হবে।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো ও কৃষি সহায়তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ছবি সংগৃহীত।

