স্ফুলিঙ্গ রিপোর্ট : যশোরে সুমনা খাতুন নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্বামীসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সদর উপজেলার দেয়াপাড়া গ্রামের মোমিন গাজী বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি করেন। আদালতের বিচারক আছাদুল ইসলাম বিষয়টি নিয়ে ইতিপূর্বে কোনো মামলা হয়েছে কিনা, তা ১৫ দিনের মধ্যে প্রতিবেদন আকারে দাখিলের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন—নিহতের স্বামী জসিম মোল্যা, শ্বশুর তক্কেল মোল্যা, শাশুড়ি তারা খাতুন এবং দেবর নাজিম মোল্যা।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৭ সালে সুমনার সঙ্গে জসিম মোল্যার বিয়ে হয় এবং তাদের দুটি সন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, বেকার জসিম স্ত্রী সুমনার নামে এনজিও থেকে ৮ লাখ টাকা ঋণ নিলেও কিস্তি পরিশোধ করতেন না। গত ২৮ এপ্রিল কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে শ্বশুরবাড়ির লোকজন সুমনাকে মারধর করেন। ওই রাতেই জসিম বাড়ি ফিরে পরিবারের অন্য সদস্যদের সহযোগিতায় সুমনাকে শ্বাসরোধে হত্যা করেন বলে বাদী উল্লেখ করেন। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। নিহতের বাবার পরিবারের দাবি, পুলিশ সঠিক সুরতহাল না করেই তড়িঘড়ি করে দাফনের ব্যবস্থা করেছিল। পরবর্তীতে নিহতের সাত বছর বয়সী সন্তান ও প্রতিবেশীদের কাছে প্রকৃত ঘটনা জানতে পেরে থানায় মামলা করতে ব্যর্থ হয়ে নিহতের পিতা আদালতের দ্বারস্থ হন। ফাইল ছবি।


