স্ফুলিঙ্গ ডেক্স :
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ধরনের চমক সৃষ্টি করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রাথমিক গণনার প্রবণতা অনুযায়ী, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে অনেকটা পেছনে ফেলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে মোদি-অমিত শাহর দল। ফলে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি সরকার গঠনের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী (বাংলাদেশ সময় দুপুর ১২টা পর্যন্ত), ২৯৩টি আসনের মধ্যে বিজেপি ১৯০টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে মাত্র ৯৯টি আসনে। প্রাথমিক এই ফলাফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা গেছে।
গত ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের মোট ২৯৪টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন একটি আসনের ভোট বাতিল ঘোষণা করায় আজ ২৯৩টি আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে।
দীর্ঘ কয়েক দশক বাম ও তৃণমূল শাসনের পর এই ফলাফলকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি ঐতিহাসিক মোড় হিসেবে দেখা হচ্ছে। যদি এই প্রবণতা বজায় থাকে, তবে কলকাতায় এবারই প্রথম গেরুয়া শিবিরের শাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। চূড়ান্ত ফলাফলের জন্য আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র- আন্তর্জাতিক সংবাদ সংস্থা, ছবি সংগৃহীত ।

