স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের ঘোপ জেলরোড এলাকায় এক যুবককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও এটিএম কার্ড ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। অভিযুক্তরা ভুক্তভোগীকে মারধর করে তার এটিএম কার্ডের পিন নম্বর সংগ্রহ করে কয়েক দফায় মোট ৮০ হাজার টাকা তুলে নিয়েছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ মে রাত ৮টার দিকে বেনাপোলের গয়রা গ্রামের রেজওয়ান কবির জেলখানা বেলতলা মোড় থেকে পলিটেকনিক রোডের দিকে যাচ্ছিলেন। পথে শাওন ইসলাম সবুজ, জীবন, আবির, রকি ও ইমরুলসহ আরও কয়েকজন তার পথরোধ করে। তারা রেজওয়ানকে একটি অন্ধকার স্থানে নিয়ে গিয়ে গলায় ছুরি ধরে প্রাণনাশের হুমকি দেয় এবং বেধড়ক মারধর করে।
দুষ্কৃতকারীরা রেজওয়ানের মোবাইল ফোন, মানিব্যাগ ও এটিএম কার্ড ছিনিয়ে নেয়। পরে অস্ত্রের মুখে পিন নম্বর জেনে নিয়ে একটি বুথ থেকে চার দফায় ৮০ হাজার টাকা উত্তোলন করে। এছাড়া মানিব্যাগে থাকা সৌদি রিয়াল ও বাংলাদেশি টাকাসহ প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে ভুক্তভোগীর প্রায় ৯০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
ঘটনার পর অভিযুক্তরা রেজওয়ানকে হুমকি দিয়ে ছেড়ে দিলে তিনি আহত অবস্থায় থানায় গিয়ে অভিযোগ জানান। কোতোয়ালি থানার এসআই আল আমিন জানিয়েছেন, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
ফাইল ছবি।

