স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের ব্যস্ততম চৌরাস্তা মোড় এলাকায় অবস্থিত মাতৃছায়া খান সুপার মার্কেটে এক রাতে অন্তত ৮টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোর চক্র মার্কেটের ছাদ দিয়ে ভেতরে প্রবেশ করে নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করার পাশাপাশি অপরাধের চিহ্ন মুছতে ভেঙে ফেলেছে ভবনের সিসি ক্যামেরাও। গত ৬ মে রাতে সংঘটিত এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
মার্কেট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৬ মে রাতে প্রতিদিনের মতো দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যান ব্যবসায়ীরা। পরদিন সকালে এক চা দোকানি প্রথম কয়েকটি দোকানের শাটারের অস্বাভাবিক অবস্থা দেখে সবাইকে খবর দেন। ব্যবসায়ীরা এসে দেখেন, ভবনের ছাদে থাকা দরজার হ্যাজবোল্ড ভেঙে ভেতরে প্রবেশ করেছে চোরেরা। এরপর দোতলার ৫টি এবং নিচতলার ৩টি দোকানের শাটার লোহার রড দিয়ে উঁচিয়ে ভেতরে ঢুকে নগদ প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেয় তারা। যাওয়ার সময় মার্কেটে স্থাপিত দুটি সিসি ক্যামেরাও ভাঙচুর করে দুর্বৃত্তরা।
মার্কেট দেখভালের দায়িত্বে থাকা মামুন হোসেন জানান, পরিকল্পিতভাবেই এই চুরি সংঘটিত হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন জানিয়েছেন, চুরির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আলামত সংগ্রহ ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। শহরের জনবহুল এলাকায় এমন চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। চৌরাস্তা মোড়ের ফাইল ফটো সংগৃহীত।
