চৌগাছা (যশোর) প্রতিবেদক :
যশোরের চৌগাছা বাজারের কালিতলা মোড়ে থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ নাহিদ হাসান (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত নাহিদ হাসান পৌরসভার বিশ্বাসপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল কালিতলা মোড়ে অভিযান পরিচালনা করে। এসময় সেবনের উদ্দেশ্যে রাখা গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ নাহিদকে হাতেনাতে আটক করা হয়।
আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার-ভূমি) জি এম এ মুবীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক আসামিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ডের আদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুবীন বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা আপসহীন। আইন অনুযায়ী দোষীকে সাজা প্রদান করা হয়েছে এবং এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আমাদের এই বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযান শেষে ওসি মামুনুর রশিদ স্থানীয় এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। আমরা মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। তবে শুধু পুলিশের পক্ষে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়; এজন্য সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। আপনারা মাদক ব্যবসায়ী বা সেবনকারীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা পেলে আমরা চৌগাছাকে একটি সুন্দর ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে পারব।
সাজা প্রদানের পর পুলিশি পাহারায় আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এই মাদকবিরোধী অভিযানকে স্থানীয় সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।
ছবি সংগৃহীত।


