চুরি হওয়া মোটরসাইকেল ঝিনাইদহ থেকে উদ্ধার

চুরি হওয়া মোটরসাইকেল ঝিনাইদহ থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হোসেনপুর মাঠ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বগুড়ার গাবতলী উপজেলার শ্রী অনন্ত কুমার রায় আলমডাঙ্গার ঘোলদাড়ী কৃষি খামারে (কেরু এন্ড কোং) কর্মরত আছেন। গত ১৩ মে সকালে তিনি তার কালো রঙের একটি ‘TVS-4V’ মোটরসাইকেল আইলহাঁস ইউনিয়নের হোসেনপুর মাঠ সংলগ্ন পাকা রাস্তার ওপর রেখে খামার পরিদর্শনে যান। এক ঘণ্টা পর ফিরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। এই ঘটনায় গত ১৪ মে আলমডাঙ্গা থানায় একটি চুরির মামলা (মামলা নং-২১) দায়ের করা হয়।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বানী ইসরাইলের তত্ত্বাবধানে এসআই প্রদীপ বিশ্বাস ও সঙ্গীয় ফোর্স অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন মিয়া সুন্দরপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন: ১. মোঃ হৃদয় রহমান (২১), পিতা- মোঃ আব্দুর রশিদ।

২. মোঃ হৃদয় হোসেন (২৩), পিতা- মোঃ মফিজুর রহমান।

উভয়ই ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মিয়া সুন্দরপুর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে বাদীর চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *