ক্লু-হীন মামলার জাদুকর এসআই অলক কুমারের মুকুটে আরও একটি সাফল্যের পালক

ক্লু-হীন মামলার জাদুকর এসআই অলক কুমারের মুকুটে আরও একটি সাফল্যের পালক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের অপরাধ জগতের এক আতঙ্কের নাম কাজী রাকিব ওরফে ভাইপো রাকিব (৩০)। হত্যা, অস্ত্র ও বিস্ফোরকসহ ২৭টি মামলার এই চিহ্নিত সন্ত্রাসীকে অবশেষে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত ৩ জানুয়ারি ২০২৬ তারিখে শংকরপুর এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর আলমগীর হোসেন হত্যা মামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়।

আলমগীর হোসেন হত্যাকাণ্ডের পর থেকেই অপরাধীদের শনাক্ত করতে মরিয়া হয়ে মাঠে নামে ডিবি পুলিশ। ডিবি যশোরের চৌকস অফিসার এসআই অলক কুমার দে পিপিএম-এর নেতৃত্বে একটি বিশেষ টিম এর আগে মূল শুটার ত্রিদিপ চক্রবর্তী মিশুক ও মনিরুল ইসলামসহ ৫ জনকে গ্রেফতার করে। তাদের দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে বৃহস্পতিবার (৭ মে ২০২৬) ভোররাতে শংকরপুর এলাকায় চিরুনি অভিযান চালিয়ে ভাইপো রাকিবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রাকিব নিজেও আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে।

কে এই ভাইপো রাকিব :

শংকরপুর এলাকার কাজি তৌহিদ হোসেনের ছেলে রাকিব যশোরের অপরাধ মানচিত্রের এক পরিচিত মুখ। তার বিরুদ্ধে ৪টি হত্যা, ৭টি অস্ত্র মামলাসহ চাঁদাবাজি ও বিস্ফোরক আইনের মোট ২৭টি মামলা রয়েছে। আলমগীর হত্যাকাণ্ডে সে অন্যতম পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছে বলে তদন্তে উঠে এসেছে।

অদম্য এক অফিসারের বীরত্বগাথা : অলক কুমার দে পিপিএম

যশোরের আইন-শৃঙ্খলা রক্ষায় এসআই অলক কুমার দে এখন এক আস্থার প্রতীক। একের পর এক ক্লু-হীন হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক চোরাচালান রোধে তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। শুধু মাঠ পর্যায়ের অভিযানই নয়, আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ দমনেও তিনি ব্যাপক ভূমিকা পালন করছেন।

যশোরের সাধারণ মানুষের কাছে তিনি যেমন সাহসী এক পুলিশ অফিসার, অপরাধীদের কাছে তেমনই এক মূর্তমান আতঙ্ক। ডিবির এই চৌকস টিমে তাঁর সাথে আরও ছিলেন চৌকস এসআই কামাল হোসেন ও এসআই সালাউদ্দিন খান। সমাজবিরোধীদের নির্মূলে অলক কুমারের এই আপসহীন অবস্থান যশোরে সুস্থ সামাজিক পরিবেশ বজায় রাখতে বড় ভূমিকা রাখছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *