স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের কেশবপুরে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে একটি বাছুর গরু চুরি করার চেষ্টাকালে তিন আন্তঃজেলা চোর চক্রের সদস্যকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আজ সোমবার (৮ জুন ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের বুড়ুলী গ্রামে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—খুলনার ফুলতলা উপজেলার দামুদার গ্রামের মুকুল মোল্লা (৫২), খুলনা মহানগরের আড়ংঘাটা এলাকার সুজন শেখ (৪৪) এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বারুইখালী গ্রামের রাসেল শেখ (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়ুলী গ্রামের বাসিন্দা রুহুল আমিন আজ বিকেলে তার বাড়ির পাশে একটি বাছুর ঘাস খাওয়ার জন্য রাস্তার পাশে বেঁধে রেখে সাময়িক সময়ের জন্য বাড়িতে যান। এই সুযোগে একটি সিএনজি অটোরিকশা নিয়ে ওই তিন ব্যক্তি ঘটনাস্থলে এসে বাছুরটি জোরপূর্বক সিএনজির ভেতরে তোলার চেষ্টা করে। বিষয়টি দূর থেকে স্থানীয় কয়েকজন বাসিন্দার নজরে আসলে তারা চিৎকার শুরু করেন।
এ সময় বেগতিক দেখে অভিযুক্তরা বাছুর ফেলে সিএনজি নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে গ্রামের শতাধিক মানুষ লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে বুড়ুলী স্কুল অ্যান্ড কলেজের সামনে জনতা তাদের ঘেরাও করে সিএনজিসহ আটকে ফেলে। পরে উত্তেজিত জনতা চোর চক্রের তিন সদস্যকে গণপিটুনি দেয়। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামিদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ আহত তিন আসামিকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা সেখানে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের মতে, তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
কেশবপুর থানা পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় গরুর মালিক রুহুল আমিন বাদী হয়ে থানায় একটি চুরি মামলার প্রস্তুতি নিচ্ছেন এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ফাইল ছবি সংগৃহীত।


