স্ফুলিঙ্গ ডেক্স :
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নে প্রথম শ্রেণির এক ছাত্রীকে হত্যার অভিযোগে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে দুই সহোদর নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে বনপারিল দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা জানাজানি হলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতরা হলেন— প্রতিবেশী পান্নু (৪৫) ও তার ভাই ফারুক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল থেকে বনপারিল দক্ষিণপাড়া এলাকার দুদল মিয়ার মেয়ে আতিকা আক্তার (৭) নিখোঁজ ছিল। স্বজনরা অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, প্রতিবেশী পান্নুর ছেলে নাঈমের (১৫) সঙ্গে আতিকাকে দেখা গেছে। পরে নাঈমকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করলে সে আতিকার মরদেহ প্রতিবেশী শামছুলের ভুট্টাক্ষেতে ফেলে রাখার কথা স্বীকার করে। সেখান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ঘাতক নাঈমের বাবা পান্নুর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। উত্তেজিত জনতা পান্নু, তার ভাই ফারুক এবং পরিবারের আরও কয়েকজনকে ধাওয়া করে মারধর করে আতিকার বাড়ির সামনের একটি পুকুরে নিয়ে যায়। পরবর্তীতে ওই পুকুর থেকেই পান্নু ও ফারুকের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় পান্নুর বড় ছেলে নাজমুল গুরুতর আহত হয়ে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এখন পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
ফাইল ছবি


