স্ফুলিঙ্গ ডেক্স :
দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ! দ্বিতীয় সাবমেরিন কেবলের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ শুক্রবার রাত থেকে টানা প্রায় ৮০ ঘণ্টা সারা দেশে ইন্টারনেটের গতি ধীর হতে পারে। আগামী সোমবার (১৩ এপ্রিল) ভোর পর্যন্ত ইন্টারনেটে এই আংশিক বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) জানিয়েছে, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল (SEA-ME-WE 5)-এর রক্ষণাবেক্ষণ কাজ চলবে। আন্তর্জাতিক কনসোর্টিয়ামের এই কার্যক্রমের ফলে সিঙ্গাপুরমুখী ট্রাফিক আংশিক প্রভাবিত হবে। যার প্রভাব পড়বে সাধারণ গ্রাহকদের ইন্টারনেট ব্রাউজিং ও ডাউনলোডিং স্পিডের ওপর।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রক্ষণাবেক্ষণ কাজ শুরু হবে শুক্রবার রাত ১০টা থেকে, যা শেষ হবে ১৩ এপ্রিল (সোমবার) ভোর ৬টায়। অর্থাৎ ৩ দিন ৮ ঘণ্টা বা টানা ৮০ ঘণ্টা এই সাময়িক ভোগান্তি পোহাতে হতে পারে।
বিএসসিপিএলসি জানিয়েছে, দ্বিতীয় সাবমেরিন কেবল প্রভাবিত হলেও কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেবল (SEA-ME-WE 4) দিয়ে যথাসম্ভব সংযোগ সচল রাখার চেষ্টা করা হবে। কাজ শেষ হওয়ার সাথে সাথেই ইন্টারনেটের গতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য সংস্থাটি দুঃখ প্রকাশ করেছে।
এআই দিয়ে তৈরি ছবি।


