শিশু সন্তানকে নিয়ে না ফেরার দেশে খাদিজা

শিশু সন্তানকে নিয়ে না ফেরার দেশে খাদিজা

স্ফুলিঙ্গ ডেক্স : কুমিল্লার মুরাদনগরে জীবনযুদ্ধের কঠিন বাস্তবতার কাছে হেরে গেলেন এক অসহায় মা ও তার পাঁচ বছরের শিশুকন্যা। তীব্র অভাব-অনটন আর দীর্ঘদিনের মানসিক যন্ত্রণার সইতে না পেরে বিষপান করে আত্মহননের পথ বেছে নিয়েছেন তারা। বুধবার (৮ এপ্রিল) দিবাগত শেষ রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের আলীপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন আলীপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে খাদিজা বেগম (৩০) এবং তার শিশুকন্যা রোকাইয়া (৫)। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথম বিয়ে বিচ্ছেদের পর কামল্লা গ্রামের হুমায়ুন কবিরের সাথে খাদিজার দ্বিতীয় বিয়ে হয়। কিন্তু সুখ কপালে সইলো না; কিছুদিন পরই স্বামী হুমায়ুন কবির মারা যান। কোলজুড়ে থাকা একমাত্র কন্যা রোকাইয়াকে নিয়ে দিশেহারা খাদিজা বাধ্য হয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন।

স্বামীর মৃত্যুর পর থেকেই খাদিজা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তার ওপর ছিল চরম দারিদ্র্যের কশাঘাত। বুধবার রাত ৪টার দিকে নিজ ঘরে শিশু সন্তানসহ বিষপান করেন খাদিজা। শিশুর কান্নাকাটি শুনে পাশের ঘর থেকে খাদিজার মা রাফিয়া বেগম ছুটে এসে দেখেন, মা-মেয়ে যন্ত্রণায় ছটফট করছেন। দ্রুত তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনেই মৃত ঘোষণা করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— দীর্ঘদিনের মানসিক অবসাদ ও চরম অভাবের কারণেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। ফাইল ছবি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *