স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুন ২০২৬) ভোররাত থেকে সকাল পর্যন্ত জেলার কোতোয়ালি মডেল থানা এলাকা এবং মণিরামপুর, কেশবপুর ও চৌগাছা উপজেলায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে যশোর কোতোয়ালি থানা এলাকায় ১৩ জন এবং বাকি ১০ জন জেলার তিনটি উপজেলা থেকে আটক হয়েছেন।
মণিরামপুর উপজেলা: মণিরামপুর থানা পুলিশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন— ঝাঁপা ইউনিয়নের সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর (৫৮), সাবেক ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান রসি (২৬), শ্যামকুড় ইউনিয়নের সাবেক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম (৬৫), কুলটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি মফিজুর রহমান (৪২) এবং নেহালপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল কবির পলাশ (৩৬)। ভোর ১টা থেকে সকাল ৬টার মধ্যে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।
কেশবপুর উপজেলা: কেশবপুরে অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন (৩৯) এবং মজিদপুর ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে (৪৫) আটক করা হয়েছে।
চৌগাছা উপজেলা: চৌগাছা থানা পুলিশ পৃথক অভিযানে উপজেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান (৫২), নারায়ণপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সোহরাফ হোসেন (৪৯) এবং উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক শফিক হায়দার লাভলুকে (৩৮) গ্রেপ্তার করেছে।
চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, সেখানে গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি নিয়মিত মামলার প্রেক্ষিতে তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, সদর থানা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জন রাজনৈতিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ এবং জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃত অন্যদের বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ছবি সংগৃহীত।


