স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের ঝিকরগাছায় ১১ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে অবশেষে হাবিবুল্লাহ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ২৭ জুন (শনিবার) দুপুরে কাটাখাল বেলেবটতলা শান্তিনগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক হাবিবুল্লাহ ওই এলাকার মৃত তকিম গাজীর ছেলে।
শুক্রবার স্কুল ও মাদ্রাসা বন্ধ থাকায় কাটাখাল এলাকার চতুর্থ শ্রেণির ওই ছাত্রী তার বান্ধবীর সাথে কপোতাক্ষ নদে গোসল করতে যায়। এসময় ভুক্তভোগী শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গোসল শেষে বাড়ি ফেরার পথে হাবিবুল্লাহ তাদের দেখে বিভিন্ন আপত্তিকর ও কুৎসিত অঙ্গভঙ্গি করে। একপর্যায়ে জোরপূর্বক শ্যাম্পু মাখানোর কথা বলে শিশুটির হাত ধরে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালায়। পরে শিশুটি মুক্ত হয়ে দৌড়ে বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানায়।
স্থানীয় একটি পক্ষ বিশেষ সুবিধা নেওয়ার উদ্দেশ্যে বিষয়টি গোপন করার চেষ্টা চালালেও স্থানীয় সাধারণ জনগণের চাপের মুখে তা নসাৎ হয়ে যায়।
ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশের বিশেষ অভিযানে শনিবার পলাতক হাবিবুল্লাহকে তার বাড়ি থেকে আটক করা হয়। বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।


