স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের চাঁচড়া রেলগেট এলাকায় অভিনব কায়দায় বোরকার ভেতর বিশেষ পকেট বানিয়ে হেরোইন বিক্রির সময় মোছাঃ সাথী খাতুন (৩২) নামের এক কুখ্যাত নারী মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২২ (বাইশ) গ্রাম মরণঘাতী মাদকদ্রব্য হেরোইন জব্দ করা হয়।
সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন পৌরসভার ৫নং ওয়ার্ডের রেলগেট সংলগ্ন যশোর-চাঁচড়াগামী পাকা রাস্তার পাশে এই সফল অভিযানটি পরিচালিত হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, চাঁচড়া রেলগেট এলাকায় জনৈক কালু মিয়ার মাংসের দোকানের সামনে একজন বোরকা পরিহিত নারী মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মরণঘাতী মাদক বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছেন— এমন একটি সুনির্দিষ্ট গোপন সংবাদ আসে জেলা গোয়েন্দা শাখার কাছে।
সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই (নিঃ) শিবু মন্ডলের নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোছাঃ সাথী খাতুনকে হাতেনাতে অবরুদ্ধ করা হয়।
পরে ডিবি টিমে থাকা নারী কনস্টেবল (নং ২৩২৮) জারমিন খাতুনের সহায়তায় উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে বোরকা পরিহিত ওই নারীকে তল্লাশি করা হয়। এ সময় সাথী খাতুনের বোরকার ভেতরের ডান পাশে বিশেষভাবে তৈরি করা একটি গোপন পকেট থেকে একটি সাদা রঙের স্বচ্ছ পলিথিনে মোড়ানো ২২ গ্রাম মরণঘাতী হেরোইন উদ্ধার করা হয়।
ডিবি’র জিজ্ঞাসাবাদে আটককৃত নারী স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক এনে যশোর শহরের বিভিন্ন স্পটে খুচরা ও পাইকারি সরবরাহ করে আসছিলেন। আটককৃত মাদক সম্রাজ্ঞী মোছাঃ সাথী খাতুন (৩২) যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ভবের বেড় পশ্চিমপাড়া (বাসা নং-১২৭) এলাকার মোঃ রবিউল শিকদারের মেয়ে।
ডিবি পুলিশ বাদী হয়ে ধৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। এরপর আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে তাঁকে চুয়াডাঙ্গা ও যশোরের অন্যান্য আসামিদের সাথে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
যশোর জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের এমন ছোট-বড় চালানের নেপথ্যে থাকা মূল গডফাদারদের চিহ্নিত করতে এবং জেলাকে সম্পূর্ণ মাদকযুক্ত করতে ডিবি’র এই চিরুনি অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।


