আদালতের ‘স্থিতিবস্থা’কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপশহরে জমি দখল !

আদালতের ‘স্থিতিবস্থা’কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপশহরে জমি দখল !

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরের উপশহর নিউমার্কেট এলাকায় আদালতের সুস্পষ্ট নিষেধাজ্ঞা ও স্থিতিবস্থা (Status Quo) অমান্য করে একদল ভূমিদস্যু ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে অবৈধ অভিযান চালিয়ে জমি দখল, বাড়ি ভাঙচুর ও লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও এই উচ্ছেদ অভিযান পরিচালনা করায় স্থানীয় সচেতন মহল ও আইনজ্ঞদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীদের লিখিত ও মৌখিক অভিযোগ সূত্রে জানা যায়, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, যশোরের উপবিভাগীয় প্রকৌশলী মোঃ আশিক আহম্মেদ সাকিব এবং উপসহকারী প্রকৌশলী মোঃ ইমাদুল ইসলাম তুহিনের প্রত্যক্ষ সহযোগিতা ও মদদে এই অবৈধ দখলদারি চালানো হয়েছে। মাঠপর্যায়ে এই দখল কার্যক্রমে অংশ নেয় উপশহর নিউমার্কেট এলাকার চিহ্নিত ভূমিদস্যু আতিয়ার রহমান ও তার ছেলে জুবায়ের, এফ ব্লকের সিয়ামুর রহমান সিয়াম এবং ষষ্ঠীতলা এলাকার নাহিদ আহমেদ ডনসহ একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী।

প্রাপ্ত নথিপত্র ও আদালত সূত্রে জানা যায়, উপশহরের নালিশী জমিটি নিয়ে যশোর সহকারী জজ আদালতে মামলা চলমান রয়েছে। ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি বিজ্ঞ আদালত (সহকারী জজ রেজাউল করিম বাঁধন) এক আদেশে নালিশী জমিতে দখল সংক্রান্ত বিষয়ে উভয় পক্ষকে ‘স্থিতিবস্থা’ (Status Quo) বজায় রাখার সুনির্দিষ্ট নির্দেশ দেন। পরবর্তীতে বিবাদী পক্ষ এই নিষেধাজ্ঞা বাতিলের আবেদন করলেও আদালত বাদীপক্ষের বসতবাড়ি ও স্বত্ব বিবেচনা করে বিবাদীদের আবেদন না-মঞ্জুর করেন। আইন অনুযায়ী, এই আদেশ বলবৎ থাকাকালীন কোনো পক্ষই জমির বর্তমান অবস্থা পরিবর্তন বা কাউকে উচ্ছেদ করতে পারে না।

ভুক্তভোগীদের দাবি, জমি সংক্রান্ত সকল বৈধ কাগজপত্র দেখে বিজ্ঞ সিনিয়র জেলা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক নিষেধাজ্ঞা জারি করে রেখেছিলেন। কিন্তু অভিযুক্ত প্রকৌশলীরা আদালতের সেই আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহিরাগত সন্ত্রাসী বাহিনী নিয়ে নালিশী জমিতে অনুপ্রবেশ করে। তারা জোরপূর্বক বাড়িঘর ভাঙচুর করে এবং ঘরে থাকা নগদ অর্থ ও মূল্যবান স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীদের এই তাণ্ডবে বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারের সদস্যদেরকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এই ঘটনায় বর্তমানে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত আতিয়ার ও তার বাহিনীর বিরুদ্ধে এর আগেও উপশহর এলাকায় জমি দখল ও প্রভাব বিস্তারের নানা অভিযোগ রয়েছে। সরকারি কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার এবং আদালতের আদেশ লংঘন করে এই উচ্ছেদ অভিযানের বিচার চেয়ে ভুক্তভোগী পরিবার এখন দ্বারে দ্বারে ঘুরছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *