স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়ন, নানাবিধ সমস্যা সমাধান ও আধুনিকায়নের লক্ষ্যে হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে হাসপাতাল কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য জনাব অনিন্দ্য ইসলাম অমিত।
মতবিনিময় সভায় হাসপাতালের বর্তমান চিকিৎসাসেবার চিত্র, জনবল সংকট, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির প্রাপ্যতা এবং দূর-দূরান্ত থেকে আসা সাধারণ রোগীদের দুর্ভোগ লাঘবের নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “যশোর জেনারেল হাসপাতাল এই অঞ্চলের লাখ লাখ মানুষের প্রধান চিকিৎসা আশ্রয়স্থল। সাধারণ মানুষ যাতে এখানে এসে কোনো ধরনের হয়রানি ছাড়াই মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করতে হবে।” তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডাক্তার ও নার্সদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন। একই সাথে হাসপাতালের অবকাঠামোগত ও কারিগরি সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
হাসপাতাল তত্ত্বাবধায়কের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, জেলা সিভিল সার্জন, হাসপাতালের বিভিন্ন বিভাগের সিনিয়র ডাক্তার, ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ হাসপাতালের সেবার মান আরও গতিশীল করতে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রতিমন্ত্রী করোনাকালীন ও পরবর্তী সময়ের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। ছবি সংগৃহীত।


