স্ফুলিঙ্গ রিপোর্ট :
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (মেয়ে) এর ফাইনালে ইতিহাস গড়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বৃহস্পতিবার (১৪ মে) সকালে স্বাগতিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যবিপ্রবির লড়াকু মেয়েরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে যবিপ্রবির খেলোয়াড়রা। আক্রমণের তোড়ে দিশেহারা হয়ে পড়ে চবির রক্ষণভাগ। একের পর এক দর্শনীয় গোলে বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে যবিপ্রবি নারী ফুটবল দল। দলের অধিনায়ক আফরা খন্দকারের নেতৃত্বে পুরো টুর্নামেন্টেই অদম্য ছিল দলটি।
দলের অসামান্য এই সাফল্যে অবদান রেখেছেন শিউলি রায়, পূর্ণিমা রানি, সানজিদা আক্তার সাথী, রূপা খাতুন, সাদিয়া আক্তারসহ শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের একঝাঁক প্রতিভাবান শিক্ষার্থী। অধিনায়ক আফরা খন্দকার বলেন, “দলের দারুণ বোঝাপড়া আর আত্মবিশ্বাসের কারণেই আমরা এই বিজয় ছিনিয়ে আনতে পেরেছি। কোচ ও ম্যানেজারদের অক্লান্ত পরিশ্রম আমাদের এই শিরোপার পথ সহজ করেছে।”
যবিপ্রবি নারী ফুটবল দলের কোচ উজ্জ্বল চন্দ্র সূত্রধর বলেন, “ক্লাস ও পরীক্ষার চাপের মধ্যেও মেয়েরা নিয়মিত অনুশীলন চালিয়ে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব ছিল না।” দলের ম্যানেজার ইসরাত জাহান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে (রাবি) হারিয়ে ফাইনালে ওঠা এবং শেষে ৭-০ গোলে চবিকে পরাজিত করা যবিপ্রবির জন্য অত্যন্ত গর্বের।
এদিকে যবিপ্রবির মেয়েদের সাফল্যের দিনে আনন্দের খবর নিয়ে এসেছে ছেলেদের দলও। দিনের অন্য ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে যবিপ্রবি ছেলে ফুটবল দল। যশোরের ক্রীড়াঙ্গনে যবিপ্রবি শিক্ষার্থীদের এই দ্বিমুখী সাফল্য এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। ছবি সংগৃহীত।


