স্ফুলিঙ্গ রিপোর্ট :
ঢাকা থেকে ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এক ব্যক্তিকে যশোর জেনারেল হাসপাতাল মোড়ে অচেতন অবস্থায় ফেলে রেখে গেছে একটি বাসের সুপারভাইজার ও হেলপার। বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতাল মোড়ের আল-মদিনা ফার্মেসির সামনে এই অমানবিক ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে ঢাকা গাবতলী থেকে ছেড়ে আসা সাতক্ষীরা লাইনের একটি বাস হাসপাতাল মোড়ে থামে। বাসের সুপারভাইজার ও হেলপার ওই ব্যক্তিকে ধরাধরি করে নামিয়ে আল-মদিনা ফার্মেসির সামনে ফেলে রেখে দ্রুত স্থান ত্যাগ করে। দীর্ঘক্ষণ তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
অচেতন ওই ব্যক্তির কাছে থাকা একটি পলিথিন ব্যাগ থেকে বাসের টিকেট উদ্ধার করা হয়েছে। টিকেটের তথ্য অনুযায়ী, তিনি আজ বিকেলে ঢাকা গাবতলী থেকে সাতক্ষীরায় যাওয়ার উদ্দেশ্যে ওই বাসে উঠেছিলেন। ধারণা করা হচ্ছে, পথিমধ্যে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন এবং তার সর্বস্ব লুটে নেওয়া হয়েছে।
বিষয়টি যশোর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) জনাব বাবুলকে জানানো হলে তিনি দ্রুত ব্যবস্থা নেন। তার নির্দেশনায় পুরাতন কসবা ফাঁড়ির এএসআই জনাব তরিকুলের নেতৃত্বে পুলিশের একটি দল রাত পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ অচেতন ওই ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ছবি সংগৃহীত।


