কালেক্টরেট মার্কেট এলাকা থেকে অপহরণকারী চক্রের তিন সদস্য গ্রেফতার

কালেক্টরেট মার্কেট এলাকা থেকে অপহরণকারী চক্রের তিন সদস্য গ্রেফতার

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরের পুলেরহাট এলাকা থেকে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। মণিরামপুর উপজেলার রোহিতা গ্রামের বাসিন্দা ভুক্তভোগী রফিকুল ইসলাম বাদী হয়ে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। মামলায় আরও একজন পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৩ এপ্রিল বিকেলে রফিকুল ইসলাম যশোর শহরের দড়াটানা মোড় থেকে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা ৪ জন ব্যক্তি তাঁর পথরোধ করে। পরে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে কেন্দ্রীয় টার্মিনাল এলাকার একটি টিনশেড ঘরে আটকে রাখা হয় এবং তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। প্রাণভয়ে রফিকুল ইসলাম বিভিন্ন মাধ্যমে ৫০ হাজার টাকা সংগ্রহ করে অপহরণকারীদের বিকাশ নম্বরে পাঠান। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানালে আসামিরা তাঁকে প্রাণনাশের হুমকি দেয়।

ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করে। ৫ মে বিকেলে শহরের কালেক্টরেট মার্কেট এলাকা থেকে জাকির হোসেন ও মারুফ হোসেন সুমনকে গ্রেফতার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল, নগদ ১৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যায় পুলেরহাট এলাকা থেকে মামলার তৃতীয় আসামি জাহাঙ্গীর হোসেনকেও গ্রেফতার করা হয়।

বুধবার (৬ মে) গ্রেফতারকৃত তিন আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ মামলার অপর পলাতক আসামি বিল্লাল হোসেনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *