চুরির অপবাদে দুই শিশুকে গাছে বেঁধে বর্বর নির্যাতন : থানায় অভিযোগ

চুরির অপবাদে দুই শিশুকে গাছে বেঁধে বর্বর নির্যাতন : থানায় অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার প্রত্যন্ত চর কলাগাছিয়ায় দোকানে চুরির অভিযোগে দুই সহোদর শিশুকে পৈশাচিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গত রোববার (৩ মে) দুপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানের পাশে এই ঘটনা ঘটে, যেখানে শিশু দুটিকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয় এবং বড় ভাইয়ের মাথার এক অংশের চুল কেটে দেওয়া হয়।

নির্যাতনের শিকার দুই শিশু হলো ৭ বছর বয়সী শামিম এবং তার ৫ বছর বয়সী ছোট ভাই জিহাদ। তারা স্থানীয় স্বপন দালালের সন্তান। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্যাতনের সময় ছোট শিশুটি অঝোরে কাঁদছিল।

জানা গেছে, চরের তোফায়েল দালালের দোকানের কর্মচারী আল আমিন প্রথমে চুরির অভিযোগে শিশু দুটিকে মারধর করেন। এরপর তাদের রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় এবং বড় ভাই শামিমের মাথার চুল কেটে দেওয়া হয়। পরবর্তীতে পরিবারের হস্তক্ষেপে শিশুরা মুক্তি পায়। শিশুদের মা লাইলি বেগম জানান, তার সন্তানরা বনে লাকড়ি কুড়াতে গিয়ে দোকানের পাশে একটি পড়ে থাকা দড়ি পেয়েছিল। সেই দড়ি আনতে গিয়েই তারা এমন অমানবিক নির্যাতনের শিকার হয়।

অভিযুক্ত আল আমিনের সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও দোকান মালিক তোফায়েল দালাল দাবি করেন, ওই শিশুরা আগেও দোকানের তালা ভেঙে চুরি করেছে। তিনি আল আমিনকে সেখানে পাঠালেও মারধর বা মাথা কামানোর বিষয়টি অস্বীকার করেন। তবে শিশুদের বাবা স্বপন দালাল অভিযোগ করেছেন যে, এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে আল আমিন উল্টো তাদের হুমকি-ধমকি প্রদান করেন।

এ ঘটনায় সোমবার (৪ মে) রাতে শিশুদের মা লাইলি বেগম রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইলিয়াছ হোসেন মুন্সি জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য অফিসার নিয়োগ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *