স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তালাকপ্রাপ্ত স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে জয়শ্রী বনিক পিংকির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।
সোমবার (৪ মে) যশোর শহরের এইচএমএম রোড এলাকার বাসিন্দা আকিব জাওয়াদ বাদী হয়ে আদালতে এ মামলা দায়ের করেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে,ফেসবুকের মাধ্যমে আকিব জাওয়াদের সঙ্গে জয়শ্রী বনিকের পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৩ সালের ১৪ জুলাই জয়শ্রী বনিক মুসলিম ধর্ম গ্রহণ করে আকিব জাওয়াদকে বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ সৃষ্টি হয়।
একপর্যায়ে বিরোধের জেরে ২০২৫ সালের ৪ মার্চ আকিব জাওয়াদ তার স্ত্রীকে তালাক দেন। এরপর ক্ষুব্ধ হয়ে জয়শ্রী তার সাবেক স্বামীকে হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আকিব জাওয়াদ থানায় একটি সাধারণ ডায়েরিও করেন।
অভিযোগে আরও বলা হয়, তালাক প্রত্যাহার না করলে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন জয়শ্রী। পরবর্তীতে চলতি বছরের ২১ মার্চ যশোরের কয়েকটি ফেসবুক গ্রুপে ওই ছবি প্রকাশ করা হয়। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে বাদী আদালতের শরণাপন্ন হন। ফাইল ছবি সংগৃহীত।


