স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদরের ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে জমির গাছ নিয়ে বিরোধের জেরে এক মহিলা ইউপি সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। আহত ওই সদস্য বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত হাসিনা বেগম (৪৯) ফতেপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার। তিনি চাঁদপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে জমির ওপর গাছকে কেন্দ্র করে পাশের বাড়ির লোকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিবেশী বাবল (৫০), রাজিয়া (৪০), মিঠুন (২২) ও রিনা (৪৫) কাঠের লাঠি দিয়ে তাকে মারধর করে বলে অভিযোগ রয়েছে।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ছবি সংগৃহীত।


