স্ফুলিঙ্গ রিপোর্ট :
আগামী ২৭ এপ্রিল (সোমবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের যশোর সফরকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে। তাঁর এই আগমন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে যশোর সদর উপজেলা যুবদলের উদ্যোগে এক বিশাল শুভেচ্ছা মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই শুভেচ্ছা মিছিল। মিছিলে যুবদলের শত শত নেতাকর্মী অংশ নেন। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। নেতাকর্মীদের কণ্ঠে শোনা যায়— “অমিত ভাই ডাকছে, তারেক রহমান আসছে”। মিছিলে নেতাকর্মীদের মাঝে অভূতপূর্ব উদ্দীপনা লক্ষ্য করা যায়।
যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রীর এই জনসভা অনুষ্ঠিত হবে। স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ জানান, এই জনসভাকে সফল করতে জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রীর এই সফরে যশোরের উন্নয়নের জন্য বড় কোনো ঘোষণার প্রত্যাশা করছেন জেলাবাসী।
সদর উপজেলা যুবদলের নেতৃবৃন্দ জানান, দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতার যশোর আগমনকে ঘিরে তারা উজ্জীবিত। জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় একটি সুশৃঙ্খল ও বিশাল জমায়েত উপহার দিতে তারা দিনরাত কাজ করে যাচ্ছেন।
ছবি সংগৃহীত।

