আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের প্রথম দেশ হিসেবে নিউজিল্যান্ডের পর এবার ধূমপান নির্মূলে কঠোরতম আইন পাস করল ব্রিটেন। দেশটিতে একটি নতুন বিল পাসের মাধ্যমে ১৭ বছর বা তার কম বয়সীদের জন্য সিগারেট কেনা চিরতরে নিষিদ্ধ করা হয়েছে। ব্রিটিশ সংসদের উভয় কক্ষে ‘টোব্যাকো অ্যান্ড ভেপস’ নামের এই ঐতিহাসিক বিলটি পাস হয়।
আইনের মূল লক্ষ্য:
নতুন এই আইনের লক্ষ্য হলো ২০০৯ সালের ১ জানুয়ারির পরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ধূমপান থেকে সম্পূর্ণ দূরে রাখা। যারা বর্তমানে ১৭ বছর বা তার চেয়ে কম বয়সী, তারা বড় হলেও আইনিভাবে কখনো সিগারেট কিনতে পারবেন না। স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং এই পদক্ষেপকে ‘জাতির স্বাস্থ্যের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, এর ফলে ব্রিটেনের আগামী প্রজন্ম আজীবন নিকোটিনের আসক্তি ও শারীরিক ক্ষতি থেকে সুরক্ষিত থাকবে।
যেখানে যেখানে ধূমপান নিষিদ্ধ:
বিলটি রাজকীয় অনুমোদন পাওয়ার পর এটি পূর্ণাঙ্গ আইনে পরিণত হবে। এরপর সরকার শিশুদের খেলার মাঠ, স্কুল এবং হাসপাতালের মতো জনগুরুত্বপূর্ণ ও খোলা জায়গায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করতে পারবে। এছাড়াও ভেইপিং বা ই-সিগারেটের ওপরও কড়াকড়ি আরোপ করা হচ্ছে। শিশুদের আকর্ষণ কমাতে ভেইপের স্বাদ ও প্যাকেটের ধরনেও আনা হচ্ছে নিয়ন্ত্রণ।
কেন এই কঠোর পদক্ষেপ?
ব্রিটিশ স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস (NHS)-এর তথ্যমতে, ইংল্যান্ডে প্রতি বছর ধূমপানের কারণে প্রায় ৭৫ হাজার মানুষের মৃত্যু হয়, যা মোট মৃত্যুর প্রায় এক-চতুর্থাংশ। জনস্বাস্থ্যের উন্নতি ঘটানো এবং সরকারি স্বাস্থ্যসেবার ওপর দীর্ঘমেয়াদি চাপ কমাতেই এই সাহসী উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্বের অন্যান্য দেশের প্রেক্ষাপট:
এর আগে ২০২২ সালে নিউজিল্যান্ড এমন আইন প্রণয়ন করলেও পরে তা বাতিল করা হয়। তবে গত বছরের নভেম্বরে মালদ্বীপ ২০০৭ সালের পর জন্মগ্রহণকারীদের জন্য সিগারেট কেনা নিষিদ্ধ করেছে। ব্রিটেন এবার সেই পথেই আরও একধাপ এগিয়ে গেল। জনস্বাস্থ্য বিষয়ক দাতব্য সংস্থা ‘অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ’ এই বিলটিকে জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছে।
ছবি সংগৃহীত।
সূত্র-আন্তর্জাতিক সংবাদ সংস্থা

