স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের চাঁচড়া এলাকায় রেক্সিমকো ইনসেকটিসাইডস লিমিটেডের রিজিওনাল ম্যানেজারের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ও মেয়াদোত্তীর্ণ আগাছানাশক উদ্ধার করেছে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিয়মবহির্ভূতভাবে পণ্য মজুত ও কৃষকদের সাথে প্রতারণার দায়ে রিজিওনাল ম্যানেজার মো. হাবিবুল্লাহ খানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের চাঁচড়া (পালবাড়ি সড়ক) এলাকায় হাবিবুল্লাহ খানের নিজ বাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, তিনি নিজ বাসভবনে অবৈধভাবে ডিপো তৈরি করে ব্যবসা পরিচালনা করছিলেন। তল্লাশিকালে দেখা যায়, মজুতকৃত কোনো পণ্যের আইডি নম্বর সঠিক ছিল না এবং সেখানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ বালাইনাশক ও আগাছানাশক বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, অভিযানে দুটি গুরুত্বপূর্ণ পণ্যের কোনো বৈধ রেজিস্ট্রেশন পাওয়া যায়নি। অভিযুক্ত হাবিবুল্লাহ খান নিজেও এসব অনিয়মের কথা স্বীকার করেছেন। পরে অননুমোদিত পণ্য উৎপাদনের অপরাধে দুটি ধারায় তাকে ১ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি অবৈধ ও মেয়াদোত্তীর্ণ সব পণ্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ছবি সংগৃহীত।


