২ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর বসতবাড়ি গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা

২ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর বসতবাড়ি গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরানপুর গ্রামে চাঁদা না পেয়ে এক প্রবাসীর ক্রয়কৃত জমিতে নির্মাণাধীন বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে পরানপুর গ্রামের মধ্যপাড়ায় (ভোটবাড়ি এলাকা) এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরানপুর গ্রামের মৃত শেখ রুহুল আমিনের (রাজা মিয়া) সন্তানদের কাছ থেকে তাদের পৈত্রিক জমি ক্রয় করেন প্রতিবেশী ইউসুফ শেখ। সম্প্রতি ওই জমিতে ঘর তোলার কাজ শুরু করলে স্থানীয় একটি চক্র বাধা প্রদান করে এবং দফায় দফায় চাঁদা দাবি করে। অভিযোগ রয়েছে, ইতিপূর্বে ইউসুফ শেখের কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা চাঁদা আদায় করা হলেও বৃহস্পতিবার পুনরায় ২ লাখ টাকা দাবি করা হয়। এই টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শেখ রেজওয়ান, মারুফ শিকদার ও মাসুদ শিকদারের নেতৃত্বে একদল সশস্ত্র লোক অতর্কিত হামলা চালিয়ে ঘরের বেড়া, আসবাবপত্র ও নির্মাণ সামগ্রী তছনছ করে। ভিডিও ফুটেজে দেখা যায়, উত্তেজিত হয়ে একদল নারী ও পুরুষ শাবল ও কুড়াল দিয়ে ঘরটি গুঁড়িয়ে দিচ্ছে। এ সময় বাধা দিতে গেলে মালিকপক্ষকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীদের দেওয়া তথ্যমতে, হামলায় অংশ নেয় শেখ হান্নান মিয়ার ছেলে শেখ রেজওয়ান, ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাফফর শিকদারের ছেলে মারুফ ও মাসুদ শিকদার, শেখ আবুল কালাম আজাদের মেয়ে বিউটি বেগম, তার ছেলে শেখ শওকত, আসাদ শেখ, শেখ নুরুজ্জামান নুরু, রবিউল শেখ, রূপসী বেগম এবং মৃত সিরাজের দুই মেয়ে চান্দু ও আদরী।

এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ এবং এই চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

ছবি ভিডিও থেকে নেয়া।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *