স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের চৌগাছায় ছাত্রশিবিরের দুই নেতার পা অমানবিক নির্যাতনের মাধ্যমে বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ২০ এপ্রিল এই বিষয়ে চূড়ান্ত আদেশের দিন ধার্য করেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন।
এ মামলায় যশোরের তৎকালীন পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানসহ মোট ৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার শুনানির সময় গ্রেফতারকৃত তিন আসামি— তৎকালীন এসআই আকিকুল ইসলাম, কনস্টেবল সাজ্জাদুর রহমান ও কনস্টেবল জহরুল হককে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মামলার বাকি ৫ আসামি বর্তমানে পলাতক রয়েছেন। তারা হলেন— তৎকালীন এসপি আনিসুর রহমান, চৌগাছা থানার তৎকালীন ওসি মশিউর রহমান, এসআই মোখলেছ, এসআই জামাল ও এসআই মাজেদুল।
শুনানিতে প্রসিকিউশন পক্ষ আদালতকে জানান, ২০১৬ সালে চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের তৎকালীন সেক্রেটারি ইসরাফিল হোসেন ও সাহিত্য সম্পাদক রুহুল আমিনকে আটকের পর তাদের পায়ে গুলি করা হয়। এরপর ক্ষতস্থানে বালু ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে রেখে বর্বরোচিত নির্যাতন চালানো হয়। এই নৃশংসতার ফলে পচন ধরে তাদের পা কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা। প্রসিকিউশন এই ঘটনাকে সরাসরি ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে উল্লেখ করে ন্যায়বিচারের দাবি জানান।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, এই বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক এখতিয়ারের আওতায় পড়ে না। তারা এই মামলায় আসামিদের দায় থেকে অব্যাহতির আবেদন করেন। উভয় পক্ষের যুক্তি-তর্ক শেষে আদালত আগামী ২০ এপ্রিল আদেশের জন্য দিনটি ক্যালেন্ডারে তালিকাভুক্ত করেন। ছবি-সংগৃহীত।


