স্ফুলিঙ্গ ডেক্স :
যশোরের অভয়নগরে স্বাস্থ্যসেবার নামে চরম অনিয়মের অভিযোগে একটি ক্লিনিক সিলগালা ও অপর একটি ক্লিনিকে বড় অংকের জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দীপুর নেতৃত্বে নওয়াপাড়া এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ লাইসেন্স দেখাতে ব্যর্থ হওয়ায় ‘মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার’ তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। এরপর ‘আল মদিনা প্রাইভেট হাসপাতালে’ অভিযানে গিয়ে চক্ষুচড়কগাছ হওয়ার মতো চিত্র দেখতে পান কর্মকর্তারা। হাসপাতালটির অপারেশন থিয়েটারে (ওটি) প্রফেশনাল লাইটের পরিবর্তে ইজিবাইকের হেডলাইট ব্যবহার করে অস্ত্রোপচার করার প্রমাণ পাওয়া যায়।
এছাড়া আল মদিনা হাসপাতালে খাওয়ার পানির উৎসের পাশেই ময়লার স্তূপ, শয্যা সংকট এবং রোগীদের কোনো তথ্য রেজিস্টার না থাকায় দণ্ডবিধির ৫২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্যের এমন ঝুঁকি তৈরির জন্য ক্লিনিক কর্তৃপক্ষকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।
একই অভিযানে ‘এ হামিদ মেমোরিয়াল হাসপাতাল’ পরিদর্শন করা হলেও সেখানে কোনো বড় ধরনের অসঙ্গতি পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু জানান, সাধারণ মানুষের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
ছবি-সংগৃহীত


