
স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে শিশুদের হাম প্রতিরোধে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টায় সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বিরামপুর কমিউনিটি ক্লিনিকে শিশুদের টিকা প্রদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. খান মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার মো. রাজীব হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মো. দিলদার হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নাজমুস সাদিক এবং নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মশিয়ার রহমান বাবলু প্রমুখ।
পরে বেলা ১১টায় যশোর পৌরসভায় দ্বিতীয় টিকাদান কেন্দ্রের উদ্বোধন করেন ডা. মো. মুজিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মো. আব্দুস সালাম আজাদ, আলহাজ মো. আনিছির রহমান মুকুল, যশোর নগর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক কে এইচ শানুুল হক সেতু, পৌরসভার সিইও সৈয়দ মুরাদ আলী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার খুলনা বিভাগীয় সমন্বয়ক মো. আরিফুল ইসলাম এবং ইউনিসেফের বিভাগীয় প্রতিনিধি তাপস কুমার হালদারসহ অন্যান্যরা।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৯ মাস বয়সী শিশু থেকে ৫ বছর বয়সী শিশুদের এ টিকা প্রদান করা হচ্ছে। যশোর সদর উপজেলায় প্রায় ৯১ হাজার এবং পৌরসভায় প্রায় ৪০ হাজার শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হবে।
হামপ্রবণ এলাকায় জরুরি ভিত্তিতে প্রথম পর্যায়ে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে নোয়াপাড়া ইউনিয়নের ৬টি কেন্দ্র এবং পৌরসভার একটি কেন্দ্রে প্রথম দিনে টিকা প্রদান করা হয়েছে।
টিকাদান কেন্দ্রে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কর্মসূচি পালিত হচ্ছে।ছবি সংগৃহীত।


