নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৭০ বিঘা জমির পাকা গম পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে অসাবধানতাবশত খড় পোড়াতে গিয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। কয়েক দিনের মধ্যেই যে সোনালী ফসল ঘরে তোলার কথা ছিল, মুহূর্তের আগুনে তা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাঠের ফসল কাটার পর জমিতে পড়ে থাকা খড় পরিষ্কার করতে গিয়ে আগুনের সূত্রপাত হয়। কৃষক ওসমান আলী তার জমির খড় পোড়াতে আগুন দিলে চৈত্র-বৈশাখের তপ্ত বাতাসে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন পাশের জমির পাকা গমে ছড়িয়ে পড়ে। স্থানীয় কৃষকরা প্রাণপণ চেষ্টা করেও আগুনের গতি রোধ করতে পারেননি। ফায়ার সার্ভিসের টিম পৌঁছানোর আগেই পুড়ে যায় মাইলের পর মাইল গমের মাঠ।
মাঠে দাঁড়িয়ে হাহাকার করছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। তাদের ভাষ্য, এই গম বিক্রির টাকা দিয়ে পরবর্তী মৌসুমের চাষাবাদের খরচ মেটানোর পরিকল্পনা ছিল। কিন্তু এক নিমিষেই সব শেষ হয়ে যাওয়ায় এখন তারা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। প্রাথমিকভাবে বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সনজীব মৃধা জানান, খবর পেয়েই উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে কাজ চলছে। সেই সঙ্গে খোলা মাঠে খড় বা আবর্জনা পোড়ানোর সময় কৃষকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।


